প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা একটি প্রতারণা মামলায় কনটেন্ট ক্রিয়েটর এবং মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান আসামিকে আদালতে হাজির করে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানান। শুনানিতে রাষ্ট্রপক্ষের হয়ে আইনজীবী সৈয়দ গোলাম মুর্তজা ইবনে ইসলাম অংশ নেন। অন্যদিকে আসামিপক্ষের হয়ে শুনানি করেন আইনজীবী ইকবাল মাহমুদ শোভন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত তৌহিদ আফ্রিদিকে মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন এবং পরে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ১৩ জানুয়ারি একটি অনলাইন প্রতারক চক্র চাকরির প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করে। পরে বিভিন্ন ধাপে অর্থ বিনিয়োগে উৎসাহিত করে তারা।
অভিযোগ অনুযায়ী, প্রথমে অল্প পরিমাণ টাকা ফেরত দিয়ে ভুক্তভোগীর আস্থা অর্জন করা হয়। এরপর ধাপে ধাপে আরও অর্থ নেওয়া হয় এবং মুনাফাসহ ফেরতের আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত মোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়। এ ঘটনায় সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি ওয়ারী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পুলিশের আবেদনে বলা হয়, মামলার তদন্তে সন্দেহভাজন নিশাদুজ্জামান নিশাদকে জিজ্ঞাসাবাদের সময় তৌহিদ আফ্রিদির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে উল্লেখ করা হয়।
এর আগে, ২০২৫ সালের ২৪ আগস্ট বরিশাল থেকে সিআইডি তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাকে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।
মন্তব্য করুন