প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০১:২০ পিএম

অনলাইন সংস্করণ

পরকীয়া দেখে ফেলায় শাশুড়িকে খুন, প্রধান আসামি গ্রেপ্তার

ছবি সংগ্রীহিত

 

 

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় শাশুড়িকে হত্যার ঘটনায় প্রধান আসামি কামাল পঞ্চায়েতকে (৫৫) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (১৪ জুন) রাত ৮টার দিকে ভাণ্ডারিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছোটকানুয়া এলাকায় একটি অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত কামাল পঞ্চায়েত জিয়ানগর উপজেলার দক্ষিণ চণ্ডীপুর গ্রামের মৃত আবু পঞ্চায়েতের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ মে জিয়ানগর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের দক্ষিণ কলারন গ্রামে নমিতা রানী পালকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। নিহত নমিতা রানী পাল ছিলেন রাধেশ্যাম চন্দ্র পালের স্ত্রী। অভিযোগ রয়েছে, পুত্রবধূ বন্যা রানী পাল ও তার কথিত প্রেমিক কামাল পঞ্চায়েত এ হত্যাকাণ্ডে জড়িত।

ঘটনার পরদিন, ২৯ মে, নিহতের স্বামী রাধেশ্যাম চন্দ্র পাল ইন্দুরকানী থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই বন্যা রানী পাল (৩২) এবং তার মামা তাপস দেবনাথকে (৪৪) গ্রেপ্তার করা হয়।

পরিবারের সদস্য ও স্থানীয়দের দাবি, বন্যা রানী ও কামাল পঞ্চায়েতের মধ্যে দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্ক ছিল। এ সম্পর্কের বিরোধিতা করতেন নমিতা রানী পাল। অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়।

র‌্যাব সূত্র জানিয়েছে, মামলার পর থেকে কামাল পঞ্চায়েত গ্রেপ্তার এড়াতে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮ ভাণ্ডারিয়া উপজেলার ছোটকানুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহব্বত খান জানান, র‌্যাব-৮ সদস্যরা রাত ৯টার দিকে কামাল পঞ্চায়েতকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছেন। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য করুন