প্রকাশিত: ১২ জুন, ২০২৬, ১১:৫৮ এ এম
অনলাইন সংস্করণ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান আহম্মেদ প্রধানের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তার পরিবার।
পরিবারের সদস্যদের দাবি, বৃহস্পতিবার (১২ জুন) রাতে কুমিল্লার দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায়ের পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এরপর থেকে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ সম্ভব হয়নি।
জিসান আহম্মেদ প্রধান কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বিরবাগ গোয়ালী এলাকার বাসিন্দা। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে দাউদকান্দিতে এসে তিনি পরিবারের সদস্যদের জানান যে নামাজ আদায় শেষে বাসায় ফিরবেন। তবে রাত ৮টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
জিসানের বড় ভাই অ্যাডভোকেট রাসেল আহমেদ রাফি জানান, বৃহস্পতিবার রাত থেকে তার ভাইয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করেও কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দাউদকান্দি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, রাজনৈতিক কারণে কারও সঙ্গে বিরোধ থাকলে সেটিও তদন্ত করে দেখা প্রয়োজন।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. বারী জানান, জিসান আহম্মেদ প্রধানের হোয়াটসঅ্যাপের সর্বশেষ কার্যক্রম রাত ৮টা ২৯ মিনিটে দেখা গেছে। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তাকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
মন্তব্য করুন