প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ০৮:২১ এ এম
অনলাইন সংস্করণ
মোঃ আব্দুর রশীদ : চৌগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের চৌগাছায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে কার্যকর পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) সকাল ১০টা থেকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনীব, চৌগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আমীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেসবাহ উদ্দীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনজুমান আরা মাহমুদা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুভাষ চন্দ্র, প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান। এছাড়া বিভিন্ন এনজিও প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মো. আশরাফুজ্জামান।
কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম, সেবার পরিধি এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে এর গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে গ্রাম আদালত বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মো. আশরাফুজ্জামান জানান, চৌগাছা উপজেলায় ফেব্রুয়ারি ২০২৪ থেকে মে ২০২৬ পর্যন্ত গ্রাম আদালতে মোট ৭৪৭টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ৭৩৯টি মামলার নিষ্পত্তি হয়েছে এবং ৭২৫টি মামলার সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। এ সময় ক্ষতিপূরণ হিসেবে আদায় করা হয়েছে ১ কোটি ৮৯ লাখ ৭৫ হাজার ১৫০ টাকা।
অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য করুন