প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০২:৩১ পিএম

অনলাইন সংস্করণ

দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ছবি সংগ্রীহিত

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

সোমবার (১৫ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরের অন্য অংশে তা দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা যৌথভাবে সিলেট ও রাজারহাটে ২৩ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ বাতাসের গতি ছিল ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার, যা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রবাহিত হয়েছে। সকাল ৬টায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নেত্রকোণায়, ৭৯ মিলিমিটার। রাজধানী ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে হতে পারে।

মন্তব্য করুন