প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ১১:৩৩ এ এম
অনলাইন সংস্করণ
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে।
সোমবার (১৫ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূছ আলী আকন্দ এ রিট আবেদন করেন। এর আগে স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত দেয়।
তবে হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানিয়েছেন, এ রিট দায়েরের সঙ্গে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের কোনো সম্পর্ক নেই।
গত ১১ জুন স্বাস্থ্য অধিদপ্তর এক আদেশে হাসপাতালটির নিবন্ধন বাতিল করে। নির্দেশনায় বলা হয়, ২৭ মে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স-১৯৮২-এর ১১(১) ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই অধ্যাদেশের ১২ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটি ৩০ দিনের মধ্যে এ সিদ্ধান্তের বিরুদ্ধে সরকারের কাছে আপিল বা পুনর্বিবেচনার আবেদন করতে পারবে।
এর আগে ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটিকে কারণ দর্শানোর নোটিশ দেয়। পরে সময় বৃদ্ধির আবেদন অনুযায়ী অতিরিক্ত সময়ও দেওয়া হয়। এ সময় ক্ষতিগ্রস্ত ছয় পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ, আজীবন চিকিৎসা সুবিধা এবং পরিবারের একজনকে চাকরির প্রতিশ্রুতি দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
তবে এসব উদ্যোগের পরও শেষ পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত বহাল রাখে।
মন্তব্য করুন