প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৯:৩২ এ এম

অনলাইন সংস্করণ

চাটখিলে ঝুপড়ি ঘরে পুলিশের অভিযান, ১০০ পিস ইয়াবা উদ্ধার

ছবি সংগ্রীহিত

 

নোয়াখালীর চাটখিল পৌরসভার ৪ নম্বর ভীমপুর গ্রামের বেদেপল্লিতে পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা, একটি সিসি ক্যামেরা এবং মাদকসেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এর আগে একটি স্থানীয় গণমাধ্যমে বেদেপল্লির একটি ঝুপড়ি ঘরে এসি ও সিসি ক্যামেরা স্থাপন করে মাদক কারবার পরিচালনার অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের পর বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরই পরিপ্রেক্ষিতে রোববার (১৪ জুন) বিকেলে চাটখিল থানা-পুলিশ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ বায়েজিদ মিয়ার নেতৃত্বে একটি দল অংশ নেয়। অভিযানের সময় ঘরটি ফাঁকা পাওয়া যায়। পরে তল্লাশি চালিয়ে ১০০ পিস ইয়াবা, একটি সিসি ক্যামেরা এবং মাদকসেবনের কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে বড় ধরনের কোনো মাদকের চালান বা বিক্রির সরঞ্জাম পাওয়া যায়নি।

স্থানীয়দের একাংশের দাবি, অভিযানের আগেই আস্তানার লোকজন সরে যায়, ফলে গুরুত্বপূর্ণ আলামত সরিয়ে ফেলার সুযোগ পায় তারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কেনাবেচা ও সেবনের কার্যক্রম চলছে এবং এ বিষয়ে আরও কঠোর নজরদারি প্রয়োজন।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বাসিন্দা জানান, এলাকায় নিয়মিত বহিরাগতদের যাতায়াত লক্ষ্য করা যায়। একটি ঝুপড়ি ঘরে এসি ও সিসি ক্যামেরা স্থাপনের কারণ নিয়ে তারা প্রশ্ন তুলেছেন এবং বিষয়টি গভীরভাবে তদন্তের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে চাটখিল থানার ওসি বলেন, অভিযানে উল্লেখযোগ্য কোনো বড় চালান উদ্ধার না হলেও অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তাকে আটক করা গেলে আরও তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নজরদারিতে রয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভীমপুর বেদেপল্লির ওই ঘরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে। অভিযুক্ত হিসেবে স্থানীয়ভাবে পরিচিত ববিতা আক্তার সুমাইয়ার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও পুলিশ সূত্রে জানা যায়।

মন্তব্য করুন