প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৮:২৩ এ এম
অনলাইন সংস্করণ
দেশের কয়েকটি অঞ্চলে আজ দুপুরের মধ্যেই ঝড়ো আবহাওয়ার আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (৬ মে) সকালে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়, ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আরেক পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাত হতে পারে।
এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
ঝড়ো আবহাওয়ার সময় খোলা জায়গা এড়িয়ে চলা, গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং প্রয়োজন ছাড়া নৌযান চলাচল না করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন