প্রকাশিত: ৪ মে, ২০২৬, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
সারা দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া, বজ্রপাত ও বিদ্যুৎ চমকাসহ বৃষ্টির আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।
সোমবার (৪ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে এসব বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
মঙ্গলবার (৫ মে) থেকে বুধবার (৬ মে) পর্যন্ত ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এসব অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। অন্যান্য বিভাগেও বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার (৭ মে) দেশের অধিকাংশ বিভাগে দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শুক্রবার (৮ মে) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিনও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচদিন পর বৃষ্টিপাতের প্রবণতা কমে গিয়ে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
মন্তব্য করুন