প্রকাশিত: ৪ মে, ২০২৬, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই চমক দেখাচ্ছেন অভিনেতা-রাজনীতিবিদ থালাপতি বিজয়। ভোট গণনার প্রাথমিক ফলাফলে তার দল তামিলাগা ভেট্রি কাঝাগাম (টিভিকে) বড় ব্যবধানে এগিয়ে রয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভির সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৩৪ আসনের মধ্যে ১০৯ আসনে এগিয়ে আছে টিভিকে। অন্যদিকে অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্র কাজাগাম (এআইএডিএমকে) ৭৩ আসন এবং ক্ষমতাসীন দ্রাবিড় মুনেত্র কাজাগাম (ডিএমকে) ৫২ আসনে এগিয়ে রয়েছে।
তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসনে জয়। সেই হিসেবে প্রাথমিক ফলাফলে সরকার গঠনের দৌড়ে এগিয়ে রয়েছে থালাপতি বিজয়ের দল।
থালাপতি বিজয় নিজেও দুটি আসন—পেরাম্বুর ও তিরুচিরাপল্লি ইস্ট থেকে নির্বাচন করছেন। প্রাথমিক গণনায় তিনি উভয় আসনেই এগিয়ে রয়েছেন। উল্লেখ্য, এ দুটি আসনই আগে ক্ষমতাসীন ডিএমকের দখলে ছিল।
এদিকে ভারতের পাঁচটি রাজ্যে একযোগে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। রাজ্যগুলো হলো—পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরি। পশ্চিমবঙ্গে ২৯৪টি (একটি স্থগিত) আসনের ফলাফল সোমবার জানা যাবে। এছাড়া আসামে ১২৬টি, কেরালায় ১৪০টি, তামিলনাড়ুতে ২৩৪টি এবং পুদুচেরিতে ৩০টি আসনের ফলাফল প্রকাশ করা হবে।
মন্তব্য করুন