প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ১২:১৩ পিএম

অনলাইন সংস্করণ

২৩ জুনকে ঘিরে নিরাপত্তা শঙ্কা, দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

ছবি সংগ্রীহিত

 

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৩ জুনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে পুলিশ। এ পরিস্থিতিতে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে দেশের সব পুলিশ ইউনিটকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সদরদপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জেলা ও মহানগরের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, ব্যানারসহ মিছিল কিংবা অন্যান্য কর্মসূচি পালনের চেষ্টা করতে পারেন। এসব কর্মসূচিকে কেন্দ্র করে প্রতিপক্ষ রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে উত্তেজনা ও সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ সদরদপ্তরের ডিআইজি (কনফিডেন্সিয়াল) মো. কামরুল আহসানের সই করা এক নির্দেশনায় এ বিষয়ে সতর্ক করা হয়। চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন এলাকায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে কর্মসূচি পালনের চেষ্টা হতে পারে। এ ধরনের পরিস্থিতিতে রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সংঘাতের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে উত্তেজনা সৃষ্টির আশঙ্কাও রয়েছে।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস)কে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নামে দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, লিফলেট বিতরণ এবং অন্যান্য কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাজধানীর মহাখালী এলাকায় একটি ঝটিকা মিছিল চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। একই দিনে গণভবনের সামনেও যুবলীগের ব্যানারে একটি মিছিলের খবর পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কর্মকাণ্ডের মাধ্যমে যাতে জননিরাপত্তা বিঘ্নিত না হয়, সে লক্ষ্যে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্ভাব্য নাশকতা ও সহিংসতা প্রতিরোধে মাঠপর্যায়ে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন