প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও টেকসইভাবে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের লক্ষ্যে আরও কার্যকর আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে তিনি বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ২০২৬ সালের ইকোসক (ECOSOC) হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করা, সংঘাত প্রতিরোধে অধিক বিনিয়োগ এবং মানবিক সহায়তা, শান্তি ও উন্নয়ন কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদার করা বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।
বক্তব্যে তিনি নারী ও কিশোরীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর হয়রানি ও অপব্যবহারের ক্রমবর্ধমান ঝুঁকির বিষয়টিও তুলে ধরেন। এ ধরনের হুমকি মোকাবিলায় একটি কার্যকর বৈশ্বিক প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
শামা ওবায়েদ ইসলাম রোহিঙ্গা নারী ও কিশোরীদের ওপর চলমান অর্থায়ন সংকটের বিরূপ প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা অব্যাহত রাখা জরুরি এবং তাদের দ্রুত, নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
অনুষ্ঠানের ফাঁকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিয়েতনামের উপ-পররাষ্ট্রমন্ত্রী ড. নগুয়েন মিন ভুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে মতবিনিময় করেন।
মন্তব্য করুন