প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ১০:৪০ এ এম

অনলাইন সংস্করণ

সন্ধ্যার মধ্যে ১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

ছবি সংগ্রীহিত

 

দেশের ১৬টি অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা আবহাওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। বৈরী আবহাওয়ার সম্ভাবনা বিবেচনায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট অঞ্চলের নৌযান ও নদীপথ ব্যবহারকারীদের সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দিয়েছে।

মন্তব্য করুন