প্রকাশিত: ৪ মে, ২০২৬, ১২:১৯ পিএম

অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের বৈধতা নিয়ে নতুন রিট দায়ের

ছবি সংগ্রীহিত

 

 

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়কালের সার্বিক কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।

রোববার (৩ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মুহাম্মদ মুহসিন রশিদ এ রিটটি দায়ের করেন। এতে কেবিনেট সচিব এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিবকে বিবাদী করা হয়েছে।

সোমবার (৪ মে) বিষয়টি নিশ্চিত করে আইনজীবী মুহাম্মদ মুহসিন রশিদ জানান, এ বিষয়ে বিস্তারিত জানাতে দুপুর ১টায় সাংবাদিকদের ব্রিফ করা হবে।

রিটে অন্তর্বর্তী সরকারের সময়ে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত—যেমন আইন প্রণয়ন, সংস্কার কমিশন গঠন এবং দেশি-বিদেশি চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। পাশাপাশি একটি কমিশন গঠন করে বিষয়গুলো অনুসন্ধানের নির্দেশনা চাওয়া হয়েছে। সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে।

এর আগে একই আইনজীবী অন্তর্বর্তী সরকারের গঠন ও শপথ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছিলেন, যা হাইকোর্ট খারিজ করে দেন। পরে ওই আদেশের বিরুদ্ধে আপিল করা হলেও ২০২৪ সালের ৪ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখেন এবং লিভ টু আপিল খারিজ করেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ আগস্ট জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়। পরবর্তীতে ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। রাষ্ট্রপতি সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছে মতামত চেয়ে রেফারেন্স পাঠালে আপিল বিভাগ সাংবিধানিক শূন্যতা পূরণে অন্তর্বর্তী সরকার গঠনের বৈধতা সম্পর্কে মতামত প্রদান করে।

মন্তব্য করুন