প্রকাশিত: ৩ মে, ২০২৬, ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
চীন ও ভারত থেকে আমদানি করা মোট ৫৩ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে। নতুন এই চালান দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
শনিবার (২ মে) জাহাজগুলোর স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিং লাইন বিষয়টি নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দৈনিক গড় চাহিদা প্রায় ১২ হাজার ৫০০ টন হিসেবে এই চালান দিয়ে প্রায় চার দিনের জ্বালানি চাহিদা পূরণ সম্ভব হবে।
শিপিং এজেন্ট সূত্রে জানা গেছে, লাইবেরিয়ার পতাকাবাহী ‘লিলা কিংস্টন’ নামের জাহাজটি চীন থেকে ১৯ হাজার টন ডিজেল নিয়ে শুক্রবার বিকেল ৩টার দিকে বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। অন্যদিকে পানামার পতাকাবাহী ‘প্রাইভেট সোলানা’ জাহাজটি ৩৪ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে শনিবার ভোরে কুতুবদিয়া অ্যাংকরেজে নোঙর করে।
প্রাইড শিপিং লাইনের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, বর্তমানে ডলফিন জেটিতে দুটি জাহাজ অবস্থান করছে এবং বহির্নোঙরে অপেক্ষমাণ রয়েছে আরও দুটি। এর মধ্যে একটি জাহাজ থেকে লাইটারিং কার্যক্রম চলছে। নতুন দুটি জাহাজ যুক্ত হওয়ায় বন্দরে জ্বালানি তেলবাহী জাহাজের সংখ্যা বেড়ে সাতটিতে দাঁড়িয়েছে।
এদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাসে ২০টি জাহাজে করে মোট ৬ লাখ ৫ হাজার ২২৭ টন জ্বালানি আমদানি করা হয়েছে। চলতি মে মাসেও ১ লাখ টন অপরিশোধিত তেলসহ মোট ৬ লাখ টন জ্বালানি আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মন্তব্য করুন