প্রকাশিত: ৪ মে, ২০২৬, ১০:৫৮ এ এম
অনলাইন সংস্করণ
নাটোরের সিংড়া উপজেলায় নিজ বাড়ি থেকে এক মাছ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৪ মে) ভোরে উপজেলার ইতালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম রুবেল (৪৫) একই গ্রামের কেরামত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে স্ত্রী ও সন্তানের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্যের জেরে তিনি অভিমান করে পাশের একটি কক্ষে ঘুমাতে যান। ভোরে স্ত্রী শিউলি বেগম ঘুম থেকে উঠে স্বামীর কোনো সাড়া না পেয়ে ওই কক্ষে গিয়ে রক্তাক্ত অবস্থায় তার গলাকাটা মরদেহ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।
মন্তব্য করুন