প্রকাশিত: ৩ মে, ২০২৬, ১১:৪৬ এ এম

অনলাইন সংস্করণ

দুই মাসেই বিএনপির ভবিষ্যৎ শাসনের চিত্র বুঝে গেছে জনগণ: মঞ্জু

ছবি: সংগ্রীহিত

ভবিষ্যতে বিএনপির শাসনব্যবস্থা কেমন হবে—তা নিয়ে জনগণ ইতোমধ্যেই স্পষ্ট ধারণা পেয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

শনিবার (২ মে) এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

মঞ্জু বলেন, বিএনপি আগের মতোই দলীয়করণ, দুর্নীতি ও স্বেচ্ছাচারী কায়দায় সরকার পরিচালনা করবে, নাকি ঘোষিত ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারে এগোবে—গত দুই মাসে জনগণ সে বিষয়ে যথেষ্ট ধারণা পেয়েছে।

তিনি আরও বলেন, অনেকেই ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিলেও তা বাস্তবে ধারণ করেন না। বিএনপি ‘সবার আগে বাংলাদেশ’-এর পরিবর্তে ‘সবার আগে দল’—এই নীতিতেই পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এবি পার্টির চেয়ারম্যান দাবি করেন, সাম্প্রতিক বিভিন্ন ঘটনা—যেমন জুলাই গণ-অভ্যুত্থানকে খাটো করার চেষ্টা, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পরিবর্তন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দলীয় নিয়োগ, বিসিবিতে স্বজনপ্রীতির অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠান দখলের প্রবণতা, বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি—এসবই বিএনপির ভবিষ্যৎ শাসনের ইঙ্গিত দিচ্ছে।

তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার হিসেবে এবি পার্টি তাদের স্বপ্ন বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

সমাবেশে এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখন সময়ের দাবি। পুরোনো প্রতারণামূলক রাজনৈতিক ধারা থেকে বের হয়ে জনগণকেন্দ্রিক রাজনীতি প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য।

এদিকে অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, প্রতিবাদ থেকেই এবি পার্টির উত্থান এবং ভবিষ্যতেও তারা দেশের রাজনীতিতে ভূমিকা রাখবে।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুইয়া বলেন, বিভিন্ন আন্দোলনে এবি পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং ছাত্রশক্তি গঠনের আগেও তারা সক্রিয় ছিল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আশরাফ উদ্দিন নিজান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামনুল হক, বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, নাগরিক ঐক্যের সদস্য সচিব শহীদুল্লাহ্ কায়সার, এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন, ন্যাপের সভাপতি জেবালুর রহমান গণি, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান এবং জাগপার মুখপাত্র রাশেদ প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

মন্তব্য করুন