প্রকাশিত: ৪ মে, ২০২৬, ০৯:৪৫ এ এম

অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে ১৪৫ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রোববার (৩ মে) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে পৌরসভার রেলবাগান প্রান্তিকপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) পলাশ অধিকারীর নেতৃত্বে পুলিশের একটি দল একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে মো. ইমন আলী (২৫) ও মো. রুবেল (২৬) নামে দুইজনকে আটক করা হয়। তারা দুজনই সদর উপজেলার হুজরাপুর রেলবাগান প্রান্তিকপাড়া এলাকার বাসিন্দা।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে ইমন আলীর প্যান্টের ডান পকেট থেকে ১০০ পিস এবং রুবেলের প্যান্টের বাম পকেট থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট পরিমাণ ১৪৫ পিস, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৩ হাজার ৫০০ টাকা।

অভিযান শেষে রাত ১টা ৪৫ মিনিটে জব্দ তালিকা প্রস্তুত করে ইয়াবাগুলো জব্দ করা হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন