প্রকাশিত: ৪ মে, ২০২৬, ০২:২০ পিএম

অনলাইন সংস্করণ

৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, উত্তর-পূর্বাঞ্চলে বন্যার শঙ্কা

ছবি: সংগৃহীত

দেশের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় এ অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের ফলে নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে।

সোমবার (৪ মে) সকাল ৯টায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

পাউবোর তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নেত্রকোনার জারিয়াজঞ্জাইলে ৭৪ মিলিমিটার, হবিগঞ্জে ৭৪ মিলিমিটার এবং চাঁদপুর-বাগানে ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, উত্তর-পূর্বাঞ্চলের হাওর বেসিনের তিন জেলার সাতটি নদীর আটটি পয়েন্টে পানি প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এতে উল্লেখ করা হয়, সুনামগঞ্জের নলজুর নদী জগন্নাথপুর পয়েন্টে ৪০ সেন্টিমিটার, নেত্রকোনার ধনু-বাউলাই নদী জারিয়াজঞ্জাইল পয়েন্টে ৮ সেন্টিমিটার, সোমেশ্বরী নদী কলমাকান্দা পয়েন্টে ৫০ সেন্টিমিটার এবং ভুগাই-কংশ নদী জারিয়াজঞ্জাইল পয়েন্টে ৬৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া মগরা নদী নেত্রকোনা পয়েন্টে ৭৯ সেন্টিমিটার এবং আটপারা পয়েন্টে ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। হবিগঞ্জের কালনী নদী আজমিরিগঞ্জ পয়েন্টে ১০ সেন্টিমিটার এবং সুতাং নদী সুতাং রেলব্রিজ পয়েন্টে ৮৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পাউবো জানিয়েছে, সুনামগঞ্জের হাওর অঞ্চলে নদীগুলোর পানি প্রতি ঘণ্টায় শূন্য থেকে ১ সেন্টিমিটার হারে ধীরগতিতে বাড়ছে।

এদিকে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন বিভাগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির প্রবণতা থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

মন্তব্য করুন