প্রকাশিত: ৪ মে, ২০২৬, ১২:০১ পিএম
অনলাইন সংস্করণ
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভোট গণনায় শুরুতে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সর্বশেষ প্রাপ্ত তথ্যে দেখা গেছে, গণনা হওয়া আসনের মধ্যে বিজেপি উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে আছে, তবে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসও শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, প্রাথমিক গণনা অনুযায়ী বিজেপি ১৮৭ আসনে এগিয়ে এবং তৃণমূল কংগ্রেস ১০৪ আসনে লিড ধরে রেখেছে। অন্যদিকে কংগ্রেস ও বাম জোট একটি করে আসনে এগিয়ে রয়েছে।
২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসনে জয়। এর মধ্যে ফলতা আসনের নির্বাচন স্থগিত থাকায় ২৯৩ আসনের ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, ফলতা আসনে আগামী ২১ মে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে।
তবে ভারতের নির্বাচন কমিশনের অন্য এক হিসাবে বিজেপি ১০৪টি এবং তৃণমূল কংগ্রেস ৬০টি আসনে এগিয়ে থাকার তথ্যও পাওয়া গেছে, যা ইঙ্গিত দিচ্ছে যে ভোট গণনার চিত্র এখনও পরিবর্তনশীল।
সোমবার সকাল ৮টা থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গণনা শুরু হয়েছে। রাজ্যজুড়ে ৭৭টি কেন্দ্রে একযোগে এই গণনা কার্যক্রম চলছে। প্রথমে পোস্টাল ব্যালট এবং পরে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ভোট গণনা করা হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, ভোট গণনার পূর্ণ ফলাফল প্রকাশের পরই নিশ্চিতভাবে বলা যাবে কোন দল সরকার গঠন করতে যাচ্ছে। তবে স্থানীয় সময় দুপুরের মধ্যেই একটি প্রাথমিক চিত্র স্পষ্ট হয়ে উঠতে পারে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে এবারের নির্বাচন দুই দফায় অনুষ্ঠিত হয়—প্রথম দফা ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। একই দিনে আসাম, কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরি বিধানসভা নির্বাচনের ভোট গণনাও অনুষ্ঠিত হচ্ছে।
মন্তব্য করুন