প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:২১ পিএম
অনলাইন সংস্করণ
আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ২৪ দরিদ্র ও অসহায় ব্যক্তিকে আর্থিক সহায়তা
আলী হামজা, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুর উপজেলার দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে সংসদ সদস্যের ব্যক্তিগত ঐচ্ছিক তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার ১১টি ইউনিয়নের ২৪ জন উপকারভোগীর হাতে সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।
শুক্রবার (১৯ জুন) সকালে কেশবপুর পৌর কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মোক্তার আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে এ অর্থ বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোক্তার আলী বলেন, আত্মকর্মসংস্থানই দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নের অন্যতম কার্যকর উপায়। সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যেই এ ধরনের সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি মানবিক কর্তব্যও। সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিরা এগিয়ে এলে দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়ন বাস্তবায়ন আরও সহজ হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সিনিয়র নায়েবে আমির মাওলানা রেজাউল ইসলাম, নায়েবে আমির মো. সাইদুর রহমান সাইদ, সহকারী সেক্রেটারি মো. তবিবুর রহমান, পৌর আমির প্রভাষক জাকির হোসেন এবং পেশাজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উপকারভোগী, গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ক্ষুদ্র ব্যবসা পরিচালনায় সহায়তা এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে সংসদ সদস্যের ব্যক্তিগত ঐচ্ছিক তহবিল থেকে এ সহায়তা প্রদান করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এই সহায়তা উপকারভোগীদের জীবিকা উন্নয়ন ও আয়বর্ধক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে উপকারভোগীরা এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করায় সংসদ সদস্য অধ্যাপক মো. মোক্তার আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্তব্য করুন