প্রকাশিত: ৪ মে, ২০২৬, ১১:১২ এ এম
অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যার ঘটনায় সুষ্ঠু বিচার নিশ্চিতে দেশটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এ তথ্য জানিয়েছেন।
সোমবার (৪ মে) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিহত জামিল আহমেদ লিমনের মরদেহ হস্তান্তরের সময় সাংবাদিকদের তিনি বলেন, “এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের জন্য মার্কিন সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।”
তিনি জানান, লিমনের মরদেহ দেশে পৌঁছেছে এবং পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
সকাল ৮টা ৪৭ মিনিটে লিমনের মরদেহবাহী উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে তার মরদেহ জামালপুরে গ্রামের বাড়িতে নেওয়া হবে বলে পরিবার জানিয়েছে।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। আটদিন পর ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে ফরেনসিক পরীক্ষার মাধ্যমে ৩০ এপ্রিল বৃষ্টির মরদেহ শনাক্ত করা হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে দুটি প্রথম-ডিগ্রি পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধারালো অস্ত্রের আঘাতে লিমনকে হত্যা করা হয়েছে।
নিহত লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে এবং বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছিলেন।
মন্তব্য করুন