প্রকাশিত: ৪ মে, ২০২৬, ০৯:৩৮ এ এম

অনলাইন সংস্করণ

এসএসসির ষষ্ঠদিনের পরীক্ষায় অনুপস্থিতি ৩৫ হাজার

ছবি: সংগ্রীহিত

ঢাকা, ৩ মে: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ষষ্ঠ দিনে সারা দেশে প্রায় ৩৫ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এদিন অসদুপায় অবলম্বনের দায়ে ২৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৩ মে) পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, সাধারণ নয়টি শিক্ষাবোর্ডের অধীনে গণিত (আবশ্যিক) বিষয়ের পরীক্ষায় মোট ১৩ লাখ ১৭ হাজার ১৭৩ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১২ লাখ ৯৮ হাজার ৫২১ জন। অনুপস্থিত ছিল ১৮ হাজার ৬৫২ জন। এসব বোর্ডে ১৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে দাখিলের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেয় দুই লাখ ৩৬ হাজার ৪৫৪ জন। মোট পরীক্ষার্থী ছিল দুই লাখ ৪৯ হাজার ৩০ জন, ফলে অনুপস্থিত ছিল ১২ হাজার ৫৭৬ জন। এ বোর্ডে ৬ শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছে।

এদিকে কারিগরি শিক্ষাবোর্ডের পদার্থবিজ্ঞান-২ পরীক্ষায় এক লাখ ১৯ হাজার ৯৯৩ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল এক লাখ ১৬ হাজার ২৭৫ জন। অনুপস্থিত ছিল ৩ হাজার ৭১৮ জন। এ বোর্ডে ৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

মন্তব্য করুন