প্রকাশিত: ৪ মে, ২০২৬, ০৯:১৬ এ এম

অনলাইন সংস্করণ

শাপলা গণহত্যা: ঢাকায় অন্তত ৩২ জন নিহতের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল

ছবি: সংগ্রীহিত

 

 

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশ ঘিরে সংঘটিত সহিংসতার ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে নিহতের সংখ্যা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত শুধু ঢাকাতেই ৩২ জন নিহত হওয়ার প্রমাণ পাওয়া গেছে।

রোববার (৩ মে) সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী ৭ জুনের মধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

তিনি আরও বলেন, তদন্ত এখনও চূড়ান্ত না হওয়ায় মোট নিহতের সংখ্যা এই মুহূর্তে প্রকাশ করা হচ্ছে না। তবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাকায় অন্তত ৩২ জন নিহত হওয়ার প্রমাণ মিলেছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ওই দিনে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ, প্রস্তাবিত নারী নীতির বিরোধিতাসহ ১৩ দফা দাবি তুলে মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেয় হেফাজতে ইসলাম। দিনভর উত্তেজনা, সংঘর্ষ ও সহিংসতার পর রাতের দিকে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে এলাকা খালি করে।

সেসময় পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বহু হতাহতের দাবি করে আসছিল হেফাজতে ইসলাম, যদিও নিহতের সংখ্যা নিয়ে শুরু থেকেই বিতর্ক রয়েছে।

মন্তব্য করুন