প্রকাশিত: ৩ মে, ২০২৬, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
১১ কোটি টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ-এর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (৩ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৩ মে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী মীর আহমেদ আলী সালাম অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। তবে আসামি পলাতক থাকায় তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
এর আগে গত ৮ মার্চ মামলার অভিযোগপত্র গ্রহণ করে আদালত বেনজীর আহমেদ-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত বছরের ৩০ নভেম্বর তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থপাচারের অভিযোগে অভিযোগপত্র জমা দেওয়া হয়।
অভিযোগপত্র অনুযায়ী, সাবেক এই পুলিশ প্রধান তার সম্পদ বিবরণীতে প্রায় ১২ কোটির সম্পদ দেখালেও তদন্তে প্রায় ১৫ কোটি ৬৮ লাখ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। বৈধ আয়ের উৎস বিবেচনায় বাদ দিলে তার প্রায় ১১ কোটি টাকার বেশি সম্পদ জ্ঞাত আয়ের বাইরে অর্জিত বলে প্রমাণ পেয়েছে দুদক।
এছাড়া অভিযোগ রয়েছে, এই অবৈধ অর্থের উৎস গোপন করে তিনি বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসা প্রতিষ্ঠান ও যৌথ মূলধনী খাতে বিনিয়োগ, স্থানান্তর ও রূপান্তর করেছেন।
মন্তব্য করুন