প্রকাশিত: ৩ মে, ২০২৬, ০২:০১ পিএম

অনলাইন সংস্করণ

বেরোবির ২০৪ শিক্ষকের মধ্যে পিএইচডি নেই ১৪৯ জনের

ছবি: সংগ্রীহিত

 

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পিএইচডিধারী শিক্ষকের ঘাটতি প্রকট আকার ধারণ করেছে। বিশ্ববিদ্যালয়ের ২০৪ জন শিক্ষকের মধ্যে ১৪৯ জনেরই পিএইচডি ডিগ্রি নেই। ফলে একাডেমিক মানোন্নয়ন ও গবেষণা কার্যক্রমে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে মাত্র ৫৫ জন শিক্ষক পিএইচডি ডিগ্রিধারী। সমাজবিজ্ঞান, লোক প্রশাসন ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগে এখনো কোনো পিএইচডিধারী শিক্ষক নেই। অন্যদিকে ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ, গণযোগাযোগ ও সাংবাদিকতা, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে মাত্র একজন করে শিক্ষক পিএইচডি সম্পন্ন করেছেন।

পিএইচডিধারী শিক্ষকের সংখ্যায় এগিয়ে রয়েছে বাংলা বিভাগ, যেখানে ছয়জন শিক্ষক এ ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া রসায়ন, সিএসই, ম্যানেজমেন্ট স্টাডিজ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে পাঁচজন করে শিক্ষক পিএইচডিধারী রয়েছেন। পদার্থবিজ্ঞান, পরিসংখ্যান ও ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে চারজন করে এবং ইইই বিভাগে তিনজন পিএইচডিধারী শিক্ষক আছেন। গণিত, অর্থনীতি, ইতিহাস ও প্রত্নতত্ত্ব এবং মার্কেটিং বিভাগে দুইজন করে শিক্ষক এই ডিগ্রি অর্জন করেছেন।

শিক্ষার্থী ও শিক্ষকরা বলছেন, পিএইচডিধারী শিক্ষক কম থাকায় গবেষণায় তত্ত্বাবধায়ক সংকট দেখা দিচ্ছে। এর ফলে উচ্চমানের গবেষণা, থিসিস সুপারভিশন এবং আন্তর্জাতিক জার্নালে প্রকাশনার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।

তবে কিছু শিক্ষক জানান, শিক্ষক সংকটের কারণে তাদের একাধিক কোর্স নিতে হয়, ফলে গবেষণার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায় না। অনেক ক্ষেত্রে পিএইচডির সুযোগ পেলেও ছুটি বা প্রাতিষ্ঠানিক সহায়তার অভাবে তা কাজে লাগানো সম্ভব হয় না।

বিশেষজ্ঞদের মতে, বিশ্ববিদ্যালয়কে গবেষণাভিত্তিক প্রতিষ্ঠানে রূপ দিতে হলে পিএইচডিধারী শিক্ষকের সংখ্যা বাড়ানো জরুরি। এ জন্য প্রয়োজন পর্যাপ্ত স্কলারশিপ, গবেষণা সহায়তা এবং প্রশাসনিক সহযোগিতা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষকদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে গবেষণা সম্প্রসারণ কার্যক্রম জোরদার, শিক্ষাকালীন ছুটি এবং আর্থিক সহায়তাসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্টদের মতে, এসব উদ্যোগ আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা না গেলে সংকট কাটানো কঠিন হবে।

মন্তব্য করুন