প্রকাশিত: ৩ মে, ২০২৬, ০১:২২ পিএম

অনলাইন সংস্করণ

ইনটেলে চাকরি পেলেন জবির প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ

ছবি: সংগ্রীহিত

 

বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান Intel Corporation-এ ‘ইয়েল্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার’ পদে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাকতুফ (জিহাদ)।

ভোলা জেলায় জন্ম নেওয়া জিহাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে ২০১২ সালে স্নাতক (অনার্স) এবং ২০১৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০২১ সালে তিনি যুক্তরাষ্ট্রের Virginia Commonwealth University থেকে এনালাইটিক্যাল কেমিস্ট্রিতে পিএইচডি করার সুযোগ পান। ২০২৬ সালে পিএইচডি সম্পন্ন করার পর একই বছর ইনটেলে যোগদানের প্রস্তাব পান তিনি।

নিজের সাফল্যের অনুভূতি জানাতে গিয়ে জিহাদ বলেন, ইনটেলে চাকরির প্রস্তাব পাওয়া তার জন্য বড় অর্জন। এ পথচলায় যারা তাকে সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বিশেষভাবে তিনি জুনায়েদ আহমেদের অবদানের কথাও উল্লেখ করেন।

জিহাদ জানান, পিএইচডি শেষ করার মাত্র এক সপ্তাহের মধ্যেই প্রথম ইন্টারভিউতে তিনি ইনটেল থেকে চাকরির অফার পান। যদিও পুরো প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন হয়েছে, তবে এর পেছনে ছিল দীর্ঘদিনের প্রস্তুতি ও কঠোর পরিশ্রম।

তিনি আরও বলেন, পিএইচডি চলাকালে কেমিস্ট্রি গ্র্যাজুয়েট স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন, যা তার নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা বাড়াতে সহায়তা করেছে। এ অভিজ্ঞতা তাকে পেশাগত জীবনে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল হক বলেন, বিভাগের শিক্ষার্থীরা দেশ-বিদেশে নিজেদের মেধার স্বাক্ষর রেখে চলেছে, যা শিক্ষক হিসেবে গর্বের। ভবিষ্যতে আরও শিক্ষার্থী বিশ্বমানের প্রতিষ্ঠানে সাফল্য অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন