প্রকাশিত: ৩ মে, ২০২৬, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কঠোর নজরদারি ও অবরোধ অতিক্রম করে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে ইরানের একটি বিশাল তেলবাহী সুপারট্যাংকার। জাহাজটিতে প্রায় ২২০ মিলিয়ন ডলার মূল্যের অপরিশোধিত তেল রয়েছে বলে জানিয়েছে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ট্যাংকার ট্র্যাকার্স ডটকম।
রোববার (৩ মে) প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির মালিকানাধীন একটি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) যুক্তরাষ্ট্রের অবরোধ এড়িয়ে সফলভাবে গন্তব্যের দিকে অগ্রসর হয়েছে। জাহাজটিতে ১৯ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল বহন করা হচ্ছে।
সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্যাংকারটিকে ‘হিউজ’ বা বিশাল আকারের তেলবাহী জাহাজ হিসেবে উল্লেখ করে। তাদের তথ্য অনুযায়ী, এক সপ্তাহেরও বেশি সময় আগে জাহাজটি শ্রীলংকার উপকূলে সর্বশেষ শনাক্ত হয়েছিল। বর্তমানে এটি ইন্দোনেশিয়ার লম্বক প্রণালি অতিক্রম করে রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে এগোচ্ছে।
ট্যাংকার ট্র্যাকার্স জানায়, গত ১৩ এপ্রিল যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ জারি করার সময় জাহাজটি ইরানি জলসীমায় অবস্থান করছিল। এর আগে ২০ মার্চ মালাক্কা প্রণালি থেকে ইরানের উদ্দেশে রওনা হওয়ার পর থেকেই ট্যাংকারটি তার অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) বন্ধ রেখেছিল।
এদিকে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ইরানের গণমাধ্যমের বরাতে জানিয়েছে, ২৯ এপ্রিল পর্যন্ত অন্তত ৫২টি ইরানি জাহাজ মার্কিন অবরোধ ভেঙে চলাচল করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি, অবরোধ শুরুর পর তারা ইরান-সংশ্লিষ্ট প্রায় ৪১টি জাহাজকে গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে।
ওয়াশিংটনের কর্মকর্তারা বলছেন, অবরোধ কার্যকরভাবে কাজ করছে এবং এর ফলে ইরানের তেল খাতে বড় ধরনের রাজস্ব ক্ষতি হচ্ছে। তাদের দাবি, ইরান তেল রপ্তানিতে বাধার মুখে পড়েছে এবং উৎপাদন কমানো বা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের তেল মজুত করে রাখতে হবে।
মন্তব্য করুন