প্রকাশিত: ৩ মে, ২০২৬, ১২:১৩ পিএম
অনলাইন সংস্করণ
সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৮ জন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
রোববার (৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তেলিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন—সিলেটের জালালাবাদ থানার সুজাত আলীর ছেলে বদরুল (৩০), সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত খরম আলীর ছেলে মো. সুরুজ আলী (৬০), একই গ্রামের আব্দুল বাসিরের মেয়ে মোছা. মুন্নি (৩৫) এবং মৃত নূর সালামের ছেলে ফরিদুল (৩৫)। নিহতদের বেশিরভাগই সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি পিকআপে করে শ্রমিকরা সিলেট থেকে সুনামগঞ্জে নির্মাণকাজে যাওয়ার পথে তেলিবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা কাঁঠালবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।
পরে গুরুতর আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনজন এবং উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা যান।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানান, নিহতদের মধ্যে ছয়জন পুরুষ ও দুজন নারী। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং নিহতদের পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।
মন্তব্য করুন