প্রকাশিত: ৩ মে, ২০২৬, ১১:৪৮ এ এম
অনলাইন সংস্করণ
চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৩ মে) সকালে সচিবালয়ের নিজ দপ্তর থেকে হেঁটে সম্মেলনস্থল ওসমানী স্মৃতি মিলনায়তনে পৌঁছান তিনি।
এ সময় সড়কের দুপাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান এবং তিনি হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, ৩ থেকে ৬ মে পর্যন্ত চলা এ সম্মেলনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের মোট ৪৯৮টি প্রস্তাব উপস্থাপন করা হবে। গতবারের তুলনায় এবারের সম্মেলন এক দিন বেশি সময়ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির বলেন, ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা উন্নয়ন, স্থানীয় সরকার কার্যক্রম জোরদার, দুর্যোগ ব্যবস্থাপনা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি ও ই-গভর্ন্যান্স, শিক্ষা-স্বাস্থ্য উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্মেলনে গুরুত্ব পাবে।
তিনি আরও জানান, জেলা প্রশাসকদের কাছ থেকে পাওয়া ১ হাজার ৭২৯টি প্রস্তাবের মধ্যে ৪৯৮টি কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব প্রস্তাবে জনসেবা বৃদ্ধি, জনদুর্ভোগ কমানো, সড়ক-সেতু নির্মাণ, পর্যটন উন্নয়ন এবং আইন-বিধিমালা সংশোধনের বিষয়গুলো অগ্রাধিকার পেয়েছে। এর মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে সর্বোচ্চ ৪৪টি প্রস্তাব এসেছে।
সম্মেলনে মোট ৩৪টি অধিবেশন অনুষ্ঠিত হবে—এর মধ্যে ৩০টি কার্য-অধিবেশন এবং চারটি উদ্বোধনী, সৌজন্য সাক্ষাৎ ও প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনাসহ অন্যান্য আনুষ্ঠানিকতা।
সম্মেলনের অংশ হিসেবে জেলা প্রশাসকরা রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া প্রধান নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশনের সঙ্গে পৃথক কার্য-অধিবেশন অনুষ্ঠিত হবে।
সূচি অনুযায়ী, ৩ মে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে, ৪ মে জাতীয় সংসদ ভবনে স্পিকারের সঙ্গে এবং ৫ মে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে জেলা প্রশাসকদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মন্তব্য করুন