প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:২৩ এ এম

অনলাইন সংস্করণ

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে চালক, অটোরিকশা ছিনতাই

ছবি: সংগৃহীত

 

রাজধানীর হাজারীবাগ এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক অটোরিকশাচালকের গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ মে) রাত সাড়ে ৯টার দিকে কোম্পানি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

রাত সাড়ে ৯টার দিকে ভুক্তভোগী মো. সহিদুল ইসলামকে (৩৫) অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

সহিদুল ইসলামের স্ত্রী নাসিমা জানান, তার স্বামী পেশায় একজন অটোরিকশাচালক। প্রতিদিনের মতো সেদিনও তিনি গাড়ি নিয়ে বের হন। রাতে একদল দুর্বৃত্ত তাকে চেতনানাশক কিছু খাইয়ে অচেতন করে এবং তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি। তাদের বাসা লালবাগের শহীদনগর এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, অচেতন অবস্থায় ওই চালককে হাসপাতালে আনা হলে তার পাকস্থলী ওয়াশ করা হয় এবং পরে মেডিসিন বিভাগে স্থানান্তর করা হয়। অবস্থার উন্নতি হলে পরিবারের সদস্যরা তাকে বাসায় নিয়ে যান।

তিনি আরও জানান, ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

মন্তব্য করুন