প্রকাশিত: ২০ ঘন্টা আগে, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
অভিযানে ক্ষুব্ধ হয়ে এসআইয়ের বিরুদ্ধে মাদক কারবারীদের অভিযোগ
মাদকবিরোধী অভিযানে ক্ষুব্ধ স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের অভিযোগ
আলী হামজা | কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শামীম হোসাইনের বিরুদ্ধে সম্প্রতি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দায়ের করা একটি বেনামী অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, চিংড়া পুলিশ ক্যাম্প এলাকায় দীর্ঘদিন ধরে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। বর্তমানে ক্যাম্প ইনচার্জ হিসেবে দায়িত্ব পালনরত এসআই শামীম হোসাইন এলাকায় মাদক সেবন ও মাদক ব্যবসার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছেন। তার এ কার্যক্রমে একটি অসাধু ও স্বার্থান্বেষী মহলের স্বার্থ ক্ষুণ্ন হওয়ায় তারা তাকে বিতর্কিত করতে বেনামী অভিযোগের আশ্রয় নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর একাংশ জানান, এসআই শামীম হোসাইন দায়িত্ব গ্রহণের পর সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি করেছেন। বিভিন্ন সামাজিক ও আইনশৃঙ্খলাজনিত সমস্যা দ্রুত সমাধানে তিনি আন্তরিকতার পরিচয় দিচ্ছেন। ফলে দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় কিছু দালাল ও সুবিধাভোগী চক্রের প্রভাব কমে গেছে। এতে ক্ষুব্ধ হয়ে একটি মহল তাকে হয়রানি ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ দাখিল করেছে বলে তারা মনে করেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, “বর্তমান ক্যাম্প ইনচার্জ সাধারণ মানুষের কথা শোনেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন। তার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে, সেগুলোর বাস্তব ভিত্তি নেই বলে আমরা মনে করি।”
অভিযোগ প্রসঙ্গে চিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শামীম হোসাইন বলেন,
“আমি কখনো অসহায় ও গরিব মানুষকে অযথা হয়রানি করি না। ত্রিমোহনী ও সাগরদাঁড়ি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। কেউ প্রমাণ করতে পারবে না যে আমি অন্যায়ভাবে কাউকে হয়রানি করেছি। সাধারণ মানুষের সঙ্গে বন্ধুর মতো মিশে তাদের সমস্যার কথা শুনে সমাধানের চেষ্টা করি। হয়তো একটি বিশেষ মহল সেটি ভালোভাবে নিচ্ছে না। তাই তারা আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দিচ্ছে। আল্লাহ ভাগ্যে যা লিখে রেখেছেন তাই হবে। সাধারণ মানুষের ভালোবাসা ও দোয়াই আমার সবচেয়ে বড় শক্তি।”
এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছে, কোনো অভিযোগের বিষয়ে যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা উচিত। একই সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা অভিযোগের বিষয়টিও খতিয়ে দেখা প্রয়োজন বলে তারা মত প্রকাশ করেছেন।
ছবি ক্যাপশন: কেশবপুরের চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শামীম হোসাইন।
মন্তব্য করুন