প্রকাশিত: ৮ ঘন্টা আগে, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ
আশরাফুল ইসলাম, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর মাধবদীতে দীর্ঘদিন ধরে সড়ক সংস্কারের অভাবে ভাঙন ও জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পরিবহন চালকরা। এ অবস্থার প্রতিবাদে বৃহস্পতিবার মাধবদী গরুরহাট থেকে ফায়ার সার্ভিস পর্যন্ত সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া সিএনজি চালক ও এলাকাবাসী জানান, সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে এবং প্রায়ই যানবাহন উল্টে যাওয়ার মতো ঘটনা ঘটছে। ফলে জনদুর্ভোগের পাশাপাশি দীর্ঘ সময় ধরে যানজট লেগেই থাকছে।
সিএনজি চালকরা বলেন, সড়কটির বেহাল অবস্থার কারণে এটি কার্যত ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে। দ্রুত সংস্কার না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, মাধবদীর মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় এমন সড়ক ব্যবস্থার কারণে পণ্য পরিবহনে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এতে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
মানববন্ধনকারীরা দ্রুত সড়কটি সংস্কার এবং পৌরসভার পক্ষ থেকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
মন্তব্য করুন