প্রকাশিত: ৩ মে, ২০২৬, ১২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ
বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী রেখার ব্যক্তিজীবন নিয়ে নতুন তথ্য সামনে এনেছেন তার একসময়ের সহশিল্পী অভিনেতা শেখর সুমন। তিনি জানিয়েছেন, বহু আলোচিত প্রেমের গুঞ্জনের বাইরে রেখার হৃদয়ে জায়গা করে নিয়েছেন আরেক অভিনেত্রী—মুমতাজ।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে শেখর সুমন বলেন, বিষয়টি খুব কম মানুষই জানেন। তার ভাষ্য, রেখা মুমতাজের প্রতি গভীরভাবে অনুরক্ত এবং তাকে এতটাই অনুসরণ করেন যে প্রয়োজনে তার অনুকরণও নিখুঁতভাবে করতে পারেন। এমনকি রেখার চলাফেরা ও অভিব্যক্তিতেও মুমতাজের প্রভাব লক্ষ্য করা যায়।
তিনি বলেন, “রেখা মুমতাজকে ভীষণভাবে পছন্দ করেন। আমি নিজেই তাকে মুমতাজের অনুকরণ করতে দেখেছি, যা সত্যিই নিখুঁত।”
১৯৮৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘উৎসব’ চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেছিলেন শেখর সুমন ও রেখা। গিরিশ কারনাড পরিচালিত এই চলচ্চিত্রটি প্রাচীন সংস্কৃত নাটক ‘মৃচ্ছকটিকা’ অবলম্বনে নির্মিত। এতে বসন্তসেনা চরিত্রে অভিনয় করেন রেখা এবং চারুদত্ত চরিত্রে ছিলেন শেখর সুমন। সিনেমাটি প্রযোজনা করেন শশী কাপুর। এতে আরও অভিনয় করেছেন শঙ্কর নাগ, আমজাদ খান, অনুপম খের, নীনা গুপ্তা, কুলভূষণ খারবান্দা, আন্নু কাপুর ও সঞ্জনা কাপুরসহ অনেকে।
সাক্ষাৎকারে শেখর সুমন হিন্দি চলচ্চিত্রে ভাষা ও উচ্চারণের গুরুত্ব নিয়েও কথা বলেন। তার মতে, বর্তমান সময়ের অনেক অভিনেতা সাধারণ শব্দের সঠিক উচ্চারণে ভুল করেন, যা অভিনয়ের মানকে প্রভাবিত করে।
তিনি বলেন, অতীতে দিলীপ কুমার ও অমিতাভ বচ্চনের মতো তারকারা ভাষা ও সংলাপ উচ্চারণে অসাধারণ দক্ষতার জন্য পরিচিত ছিলেন। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনের অভিনেতা রবার্ট ডি নিরো, আল পাচিনো ও অ্যান্থনি হপকিন্সের উদাহরণ টেনে তিনি বলেন, ভাষা, বাচনভঙ্গি ও অভিনয়ের সমন্বয়ই একজন শিল্পীকে পূর্ণতা দেয়।
মন্তব্য করুন