প্রকাশিত: ৩ মে, ২০২৬, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ
প্রায় ১০ মাস কারাভোগ শেষে মুক্তি পেয়েছেন দর্শকপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। গত ১৮ মার্চ তিনি কারাগার থেকে মুক্তি পান বলে নিজেই নিশ্চিত করেছেন।
মুক্তির অভিজ্ঞতা জানাতে গিয়ে সিদ্দিক বলেন, দীর্ঘদিন বন্দিজীবন কাটানোর পর ভিন্ন এক অনুভূতি কাজ করছে, যা ভাষায় প্রকাশ করা কঠিন। কারাগারে প্রায় ১০ মাস ২২ দিন ছিলেন উল্লেখ করে তিনি বলেন, এই সময়টাকে তিনি ভিন্নভাবে কাজে লাগানোর চেষ্টা করেছেন।
মুক্তির পর কয়েকদিন পরিবারের সঙ্গে সময় কাটিয়ে নিজেকে গুছিয়ে নিয়েছেন বলেও জানান এই অভিনেতা। এতদিন এক ধরনের পরিবেশে থাকার পর হঠাৎ সম্পূর্ণ ভিন্ন বাস্তবতায় ফিরে আসা তার জন্য চ্যালেঞ্জিং ছিল বলেও উল্লেখ করেন তিনি।
কারাজীবনে নিজের জীবনে বড় ধরনের পরিবর্তন এসেছে জানিয়ে সিদ্দিক বলেন, আগে দ্বীনি কাজে নিয়মিত ছিলেন না। তবে কারাগারে গিয়ে নিয়মিত কোরআন তেলাওয়াত ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় শুরু করেন, যা তার চিন্তা-ভাবনায় ইতিবাচক পরিবর্তন এনেছে।
তিনি বলেন, কারাগারে অনেক সময় পাওয়া যায় চিন্তা করার জন্য। সেই সুযোগ কাজে লাগিয়ে তিনি ১৫টি নাটক ও তিনটি সিনেমার গল্প লিখেছেন। পাশাপাশি নিজের জীবন নিয়ে একটি বইও লেখার কাজ করেছেন।
তবে এখনো বন্দিজীবনের মানসিক প্রভাব পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি বলে জানান তিনি। তার ভাষায়, “জেল থেকে বের হলেও সেই ট্রমা এখনও পুরোপুরি কাটেনি।”
উল্লেখ্য, সিদ্দিকুর রহমান একসময় টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ ছিলেন। পরবর্তীতে তিনি রাজনীতিতে যুক্ত হন এবং বিভিন্ন সময়ে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেন।
জুলাই আন্দোলনের সময় রাজধানীর গুলশান এলাকায় একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয় বলে জানা গেছে।
মন্তব্য করুন