প্রকাশিত: ৩ মে, ২০২৬, ০৪:১৫ পিএম

অনলাইন সংস্করণ

ওসাসুনাকে হারিয়ে লা লিগা জয়ের আরও কাছে বার্সা

ছবি: সংগ্রীহিত

স্প্যানিশ লা লিগায় ওসাসুনার মাঠে ২-১ গোলের জয়ে লিগ শিরোপার আরও কাছে পৌঁছে গেল বার্সেলোনা। এল সাদারে রবার্ট লেভানডফস্কি ও ফেরান তোরেসের গোলে জয় পায় কাতালানরা ওসাসুনার হয়ে শেষ দিকে ব্যবধান কমান রুবেন গার্সিয়া।


এই জয়ের পর হানসি ফ্লিকের দল এখন রিয়াল মাদ্রিদের চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে। রিয়াল মাদ্রিদ যদি এসপানিওলের বিপক্ষে জিততে না পারে, তাহলে রোববার (০৩ মে) রাতেই চ্যাম্পিয়ন হয়ে যাবে বার্সেলোনা। রিয়ালের হাতে বাকি পাঁচ ম্যাচ, অর্থাৎ শিরোপা লড়াই বাঁচিয়ে রাখতে তাদের আর পয়েন্ট হারানোর সুযোগ নেই।


এই ম্যাচে চোটের কারণে লামিন ইয়ামাল ও রাফিনিয়াকে না পেলেও বার্সেলোনা কাজের কাজটা করেছে। শুরু থেকে ম্যাচটি খুব বেশি ছন্দময় ছিল না। ওসাসুনা নিচে নেমে রক্ষণ সামলেছে, আর বার্সার বল দখল থাকলেও আক্রমণে তেমন গতি ছিল না। প্রথমার্ধে লেভানডফস্কি ও রুনি বারদঘজির দুটি সুযোগ ছাড়া বড় বিপদ তৈরি করতে পারেনি কাতালানরা।


বরং কাউন্টার আক্রমণে ওসাসুনাই বেশি বিপজ্জনক মনে হচ্ছিল। আনতে বুদিমির একবার পোস্টে মারেন, আরেকবার দূরপাল্লার শটে জোয়ান গার্সিয়াকে পরীক্ষা নেন। গোলশূন্য প্রথমার্ধ তাই বার্সার জন্য কিছুটা সতর্কবার্তাই ছিল।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের গতি বদলাতে সময় লাগছিল। ঘণ্টাখানেকের মাথায় তিন পরিবর্তন এনে ছন্দ ফেরানোর চেষ্টা করেন ফ্লিক। র‍্যাশফোর্ড, ফ্রেঙ্কি ডি ইয়ং ও ফেরান তোরেসকে নামান তিনি। সেই বদলই শেষ পর্যন্ত ম্যাচের চিত্র বদলে দেয়।


৮১ মিনিটে র‍্যাশফোর্ডের ক্রস থেকে হেডে গোল করেন লেভানডফস্কি। পুরো ম্যাচে খুব বেশি প্রভাব না রাখলেও পোলিশ স্ট্রাইকারের গোলই খুলে দেয় জয়ের দরজা। বয়স ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকলেও বক্সের ভেতর তার গোলের ঘ্রাণ নেওয়ার ক্ষমতা এখনো অটুট।


এরপর ফেরান তোরেস বার্সার দ্বিতীয় গোলটি করেন ফেরমিন লোপেসের দারুণ পাস থেকে। ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর জয় প্রায় নিশ্চিত মনে হচ্ছিল। তবে যোগ করা সময়ের কাছাকাছি রুবেন গার্সিয়ার হেডে ওসাসুনা ব্যবধান কমালে শেষ মুহূর্তে কিছুটা চাপ তৈরি হয়।


শেষ পর্যন্ত সেই চাপ সামলে জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা। এখন তাদের অপেক্ষা রিয়াল মাদ্রিদের ম্যাচের ফলের দিকে। রিয়াল না জিতলে বার্সেলোনার শিরোপা নিশ্চিত হয়ে যাবে, আর রিয়াল জিতলেও ফিরতি ক্লাসিকোতে ড্র করলেই লা লিগা উৎসব করতে পারবে ফ্লিকের দল।

মন্তব্য করুন