প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:১০ এ এম

অনলাইন সংস্করণ

কমলগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী বিতরণ

 

​সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল প্রতিনিধি

আসন্ন এইচএসসি ও আলিম পরীক্ষা-২০২৬ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কমলগঞ্জ উত্তর থানা শাখার উদ্যোগে পরীক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিকেল ৪টায় কমলগঞ্জ উপজেলার গাজী সালাউদ্দিন ইসলামিক একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কমলগঞ্জ উত্তর থানা শাখার সভাপতি সাইফুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তোফাজ্জল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ফরিদ উদ্দিন বলেন, “পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য কঠোর অধ্যবসায়ের পাশাপাশি মহান আল্লাহর সাহায্য ও দোয়ার গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

তিনি পরীক্ষার্থীদের মনোযোগ সহকারে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও পরীক্ষায় সফলতা কামনা করেন।

অনুষ্ঠানের শেষপর্যায়ে উপস্থিত এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী ও উপকরণ বিতরণ করা হয়। পরে পরীক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন