প্রকাশিত: ৪ মে, ২০২৬, ০৩:২৮ পিএম

অনলাইন সংস্করণ

রাবিতে বিশ্ব মেধাসম্পদ দিবস পালিত

 

মিরাজ হোসেন: রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।

সোমবার (৪ মে) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এবারের প্রতিপাদ্য ছিল— “IP and Sports: Ready, Set, Innovate”, যা ক্রীড়া ও উদ্ভাবনে মেধাসম্পদের গুরুত্বকে সামনে আনে।

র‍্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দিন এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, আইকিউএসি-এর কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

অংশগ্রহণকারীরা ব্যানার-ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে মেধাসম্পদের সুরক্ষা, উদ্ভাবনের প্রসার এবং ক্রীড়াক্ষেত্রে সৃজনশীলতার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মো. আবু রেজা বলেন, টেকসই উন্নয়ন ও বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে থাকতে মেধাসম্পদের সুরক্ষা ও সঠিক ব্যবস্থাপনা অপরিহার্য। তিনি শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও এগিয়ে আসার আহ্বান জানান।

উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে এবং গবেষণা ও উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হবে।

 

মন্তব্য করুন