প্রকাশিত: ৩ মে, ২০২৬, ০১:০৫ পিএম

অনলাইন সংস্করণ

প্রিয়াঙ্কাকে ঘিরে ট্রোলের জবাব, ঢাল হয়ে দাঁড়ালেন শ্রাবন্তী

ছবি: সংগ্রীহিত

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোল ও কটাক্ষের জবাব এবার সরাসরি দিলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সহকর্মী প্রিয়াঙ্কা সরকারকে ঘিরে নেতিবাচক মন্তব্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

সম্প্রতি অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর তার স্ত্রী প্রিয়াঙ্কা সরকারকে লক্ষ্য করে সামাজিকমাধ্যমে বিভিন্ন ধরনের সমালোচনা ও বিদ্রুপ ছড়ায়। এ পরিস্থিতিতে প্রিয়াঙ্কার পাশে দাঁড়িয়ে শ্রাবন্তী বলেন, অযথা ট্রোল করে কিছু মানুষ নিজেদেরই ছোট করছে।

শ্রাবন্তী বলেন, “তাদের তো অন্য কাজ নেই। আমাদের ভিডিও শেয়ার করেই তারা কিছু উপার্জন করছে। আমরা না হয় ওদের একটু সাহায্যই করছি।” তার এই মন্তব্য সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

তিনি আরও বলেন, প্রিয়াঙ্কা একজন মিষ্টি স্বভাবের মানুষ এবং একজন মা হিসেবে তাকে অনেক শক্ত থাকতে হয়। “মানুষ অনেক কিছু বলবে, কিন্তু একজন মা জানে কীভাবে সন্তানকে মানুষ করতে হয়। প্রিয়াঙ্কা এসব বিষয়ে গুরুত্ব দিচ্ছে বলে মনে হয় না,”—যোগ করেন তিনি।

আসন্ন চলচ্চিত্র ‘এরাও মানুষ’-এর শুটিং প্রসঙ্গে রাহুলকে স্মরণ করতে গিয়ে শ্রাবন্তী বলেন, এই সিনেমায় তাকে ভিন্নভাবে দেখা যাবে। তার মতে, রাহুল অরুণোদয় তার কাজের মাধ্যমে দর্শকের মাঝে বেঁচে থাকবেন।

উল্লেখ্য, ‘এরাও মানুষ’ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জিতু কামাল ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও শান্তিলাল মুখোপাধ্যায়সহ আরও অনেকে।

মন্তব্য করুন