প্রকাশিত: ৩ মে, ২০২৬, ১২:৪৫ পিএম

অনলাইন সংস্করণ

মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি, কিয়ারার ‘বেবি শার্ক’ মুহূর্তে মুগ্ধ ভক্তরা

ছবি: সংগ্রীহিত

 

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা বর্তমানে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন। তাদের সঙ্গে রয়েছে তাদের কন্যা সারায়া। পরিবারের সঙ্গে কাটানো এই বিশেষ সময়ের নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ইতোমধ্যে ভক্তদের নজর কেড়েছেন কিয়ারা।

শনিবার (২ মে) কিয়ারা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছুটির বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেন। সেখানে দেখা যায়, সমুদ্রের নীল জলের মাঝে স্বামী ও মেয়েকে নিয়ে নিরিবিলি সময় উপভোগ করছেন তিনি। ছবিগুলোতে মাতৃত্বের কোমল ও আবেগঘন এক দিক ফুটে উঠেছে।

একটি ছবিতে দেখা যায়, আলমারিতে সুন্দরভাবে সাজানো কিয়ারার পোশাকের পাশে রাখা রয়েছে ছোট্ট সারায়ার পোশাক। অন্য একটি ছবিতে টেবিলের ওপর কিয়ারার সানগ্লাসের পাশে মেয়ের ছোট্ট গগলস রাখা, যা ভক্তদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। এছাড়া একটি ছবিতে রঙিন বই পড়ার মুহূর্তও শেয়ার করেছেন তিনি।

তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে একটি ভিডিও, যেখানে লাইভ কুকিংয়ের সময় মজার ছলে ‘বেবি শার্ক’ গান গাইতে দেখা যায় কিয়ারাকে। পাশে দাঁড়িয়ে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করছেন সিদ্ধার্থ। এই ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ছবিগুলোর ক্যাপশনে কিয়ারা লিখেছেন, “সূর্যস্নাত দিন, নোনতা চুল আর আমার জীবনের ভালোবাসার মানুষদের সঙ্গে শান্তিতে ভরা একটি হৃদয়।”

উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে এই দম্পতির ঘর আলো করে আসে কন্যা সারায়া। এখনো পর্যন্ত তারা সন্তানের মুখ জনসমক্ষে প্রকাশ করেননি।

ক্যারিয়ারের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন কিয়ারা। মাতৃত্বকালীন বিরতির পর তিনি ‘টক্সিক’ সিনেমার কাজ শুরু করেছেন, যেখানে তার সহ-অভিনেতা দক্ষিণী তারকা যশ। অন্যদিকে সিদ্ধার্থ মালহোত্রা কাজ করছেন তার নতুন ফোক-থ্রিলার ‘ভিভান: ফোর্স অব দ্য ফরেস্ট’ চলচ্চিত্রে।

মন্তব্য করুন