প্রকাশিত: ৫ জুন, ২০২৬, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে একটি খালের দখল ও মাছ শিকারকে কেন্দ্র করে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার খুঁটিকাটা-কাঠালবাড়িয়া গ্রামের সংক্রান্তির খাল এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলাম (৩৩), বিএনপি নেতা আশরাফ হোসেন (৬০), বিএনপি কর্মী কবির হোসেন (২৬), শিবির কর্মী আব্দুল্লাহ মামুন সাদ (৩২), শিবির কর্মী আরাফাত হোসেন (২৭), আক্তার হোসেন (২৬), নাজমা খাতুন (২২), মোমিন মোড়ল (৬৫) ও লায়লা বেগম (৬৫)। অন্যান্য আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে জামায়াত নেতা শাহিন হোসেনের নেতৃত্বে জামায়াত-শিবিরের অর্ধশতাধিক নেতাকর্মী সংক্রান্তির খালে জাল ফেলে মাছ ধরতে শুরু করেন। এ সময় স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলামের নেতৃত্বে বিএনপি ও আওয়ামী লীগের ৩০-৩৫ জন নেতাকর্মী তাদের বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে কয়েকজন আহত হন।
পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, হাসপাতালে যাওয়ার পথে শিবির কর্মী আব্দুল্লাহ মামুন সাদকে ধাওয়া করে মারধর করা হয়।
জামায়াত নেতা শাহিন হোসেন বলেন, “চৈত্র মাস শেষে খালটির ইজারার মেয়াদ শেষ হয়ে গেছে। নতুন করে ইজারা না পাওয়া সত্ত্বেও আওয়ামী লীগ নেতা আজহারুল সেখানে মাছ চাষ করছিলেন। শুক্রবার এলাকার দরিদ্র লোকজন মাছ ধরতে গেলে আজহারুলের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে আমাদের চারজন আহত হয়েছেন। পরে হাসপাতালে নেওয়ার সময় আমাদের কর্মী আব্দুল্লাহ সাদকে মারধর করা হয়েছে।”
অভিযোগ অস্বীকার করে আজহারুল ইসলাম বলেন, “ইজারার মেয়াদ শেষ হলেও আমি পুনরায় ইজারার জন্য আবেদন করেছি। আগে থেকেই খালে মাছ ছাড়া ছিল। মাছ ধরতে বাধা দিলে শাহিন হোসেনের নেতৃত্বে রড, শাবল ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে আমাদের নয়জন আহত হয়েছেন।”
শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবির বলেন, “স্থানীয় বিএনপির নেতারা আজহারুলকে দলের সমর্থক হিসেবে জানিয়েছেন। তার ইজারা নেওয়া খালে জামায়াতের নেতাকর্মীরা মাছ ধরতে গেলে বাধার মুখে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপির নেতাকর্মীরাও আহত হয়েছেন।”
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শাকির হোসেন জানান, ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, “সরকারি একটি খালের দখল ও মাছ শিকারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়ার পরও উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।”
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি বলে পুলিশ জানিয়েছে।
মন্তব্য করুন