প্রকাশিত: ৮ মে, ২০২৬, ১০:১২ এ এম

অনলাইন সংস্করণ

মিরপুর টেস্টে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

 

 

মিরপুর টেস্টে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ফলে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে আগে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ।

ঢাকায় গত কয়েক দিন বৃষ্টির পর ম্যাচ শুরুর দিনে মিরপুরের আকাশ ছিল রৌদ্রোজ্জ্বল। উইকেটে ঘাস থাকায় পেসারদের জন্য বাড়তি সুবিধার সম্ভাবনা তৈরি হয়েছে। সেই বিবেচনায় বাংলাদেশ একাদশে রাখা হয়েছে তিন পেসার—তাসকিন আহমেদ, নাহিদ রানা ও ইবাদত হোসেন। স্পিন বিভাগে আছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

ম্যাচের আগে বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেসারদের উন্নতিকে দলের বড় শক্তি হিসেবে দেখছেন তিনি। বিশেষ করে সবুজাভ উইকেটে নজর থাকবে তরুণ পেসার নাহিদ রানার দিকে।

ব্যাটিংয়ে বাংলাদেশের লক্ষ্য প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়া। ম্যাচের আগে শান্ত জানিয়েছেন, সুযোগ পেলে ৪০০ বা তার বেশি রান করতে চায় দল। সেটি দ্রুত বা ধীরগতিতে হোক, মূল লক্ষ্য বড় স্কোর দাঁড় করানো।

অন্যদিকে ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। বাঁ হাঁটুর চোটে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন তারকা ব্যাটার বাবর আজম। তবে দলটিতে এখনও রয়েছেন ইমাম-উল-হক, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।

পাকিস্তানের বোলিং আক্রমণে নেতৃত্ব দিচ্ছেন শাহিন শাহ আফ্রিদি। সঙ্গে আছেন হাসান আলী, মোহাম্মদ আব্বাস ও স্পিনার নোমান আলী।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও ইবাদত হোসেন।

পাকিস্তান একাদশ

আজান আওয়াইস, ইমাম-উল-হক, আব্দুল্লাহ ফজল, শান মাসুদ, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আগা, শাহিন শাহ আফ্রিদি, নোমান আলী, হাসান আলী ও মোহাম্মদ আব্বাস।

মন্তব্য করুন