প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
ঢাকা প্রতিনিধি: রাজধানীর মিরপুরে মতবিনিময় সভায় হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা-১৬ (পল্লবী) অঞ্চলের পরিচালক অধ্যক্ষ মো. নাসির উদ্দীন বলেন, “হামলা ও ষড়যন্ত্রের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা রোধ করা যাবে না।”
তিনি অভিযোগ করেন, রাজনৈতিক শিষ্টাচার ও সংস্কৃতিকে উপেক্ষা করে বিএনপির নেতাকর্মীরা জামায়াতের ওপর হামলা চালিয়ে রাজনৈতিক অঙ্গনকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ধরনের হামলাকে তিনি রাজনৈতিক ও আদর্শিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন।
নাসির উদ্দীন ঢাকা-১৬ আসনের বিএনপি নেতাদের নেতিবাচক রাজনীতি পরিহার করে ইতিবাচক রাজনৈতিক ধারায় ফিরে আসার আহ্বান জানান। তিনি বলেন, অন্যথায় জনগণ আগামী দিনে তাদের প্রত্যাখ্যান করবে।
রাজধানীতে ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল আব্দুল বাতেনের মতবিনিময় সভায় বাধা ও জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ-পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
রূপনগর থানা আমীর আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাসানুল বান্না চপল, পল্লবী দক্ষিণ থানা আমীর আশরাফুল আলম, পল্লবী উত্তর থানা আমীর সাইফুল কাদের, পল্লবী মধ্য থানা আমীর রইসুল ইসলাম পবন এবং ইঞ্জিনিয়ার মিজানুর রহমান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রূপনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিরপুর-১১ এলাকায় গিয়ে শেষ হয়।
সমাবেশে নাসির উদ্দীন আরও বলেন, “হামলা ও ষড়যন্ত্রের মাধ্যমে জামায়াতের কোনো কর্মীকে নিষ্ক্রিয় করা যাবে না। কাউন্সিলর প্রার্থীকে হত্যার ষড়যন্ত্র করেও জামায়াতকে থামানো সম্ভব নয়। জামায়াত ছাড় দিতে পারে, কিন্তু ন্যায়ের প্রশ্নে পিছিয়ে যায় না।”
তিনি রাজনৈতিক সহিংসতা ও উসকানিমূলক কর্মকাণ্ড পরিহার করে আইন ও সংবিধানের আওতায় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে আবু হানিফ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। তিনি বলেন, “আমরা ধৈর্য ধারণ করতে জানি, আবার অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতেও জানি। তাই আমাদের ধৈর্যকে দুর্বলতা মনে করবেন না।”
উল্লেখ্য, এ প্রতিবেদনটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের বক্তব্য ও অভিযোগের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা যুক্ত করা হবে
মন্তব্য করুন