প্রকাশিত: ৫ জুন, ২০২৬, ০১:০৬ পিএম

অনলাইন সংস্করণ

দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে ডুবে যাওয়া বাস উদ্ধার

আমাদের সকাল ডেস্ক:
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’।

শুক্রবার (৫ জুন) সকাল ৯টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ১০টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর বেলা সাড়ে ১১টার দিকে বাসটি নদী থেকে টেনে তোলা হয়।

ফেরিঘাট ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় ‘এস বি পরিবহন’-এর বাসটিতে চালক, হেলপার (সহকারী) ও সুপারভাইজার ছাড়া অন্য কোনো যাত্রী ছিলেন না। নদীতে পড়ে যাওয়ার পর তাদের জীবিত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ফেরিতে ওঠার আগে বাসের যাত্রীরা নেমে যাওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এস বি পরিবহনের একটি বাস ৭ নম্বর ফেরিঘাটের পন্টুন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুন থেকে ফেরিতে ওঠার সময় কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ওই মর্মান্তিক দুর্ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

একই ফেরিঘাটে কয়েক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় ঘাটের নিরাপত্তা ব্যবস্থা ও অবকাঠামোগত সক্ষমতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
 

মন্তব্য করুন