প্রকাশিত: ৫ জুন, ২০২৬, ০৭:২৫ এ এম

অনলাইন সংস্করণ

খিলক্ষেতে যুবলীগ নেতা হাবিবুর রহমান আটক

ছবি সংগ্রীহিত

 

রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট সড়ক এলাকা থেকে হাবিবুর রহমান (৩১) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে খিলক্ষেত থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, হাবিবুর রহমান খিলক্ষেতের বড়ুয়া শিলনপাড়া এলাকার বাসিন্দা এবং ৪৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। সম্প্রতি ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত একটি ঝটিকা মিছিলে তার সম্পৃক্ততার অভিযোগের পর তাকে নজরদারিতে রাখা হয়েছিল।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, তার বিরুদ্ধে পাওয়া বিভিন্ন অভিযোগ ও তথ্য যাচাই করা হচ্ছে। পাশাপাশি ওই ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা সংগঠনের সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাব আল হোসাইন বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে হাবিবুর রহমানকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হচ্ছে।

তিনি আরও বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, কিশোর গ্যাং এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

মন্তব্য করুন