প্রকাশিত: ৫৭ মিনিট আগে, ১০:২৮ এ এম

অনলাইন সংস্করণ

চৌকা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত, সতর্ক অবস্থানে বিজিবি

পুশইনে ব্যর্থ হওয়া ২০ জন: ছবি সংগ্রীহিত

 

 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর একটি প্রচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দারা।

শনিবার (২০ জুন) ভোরে সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবির দাবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সহায়তায় ওই ব্যক্তিদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হলে তা ব্যর্থ করে দেওয়া হয়।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, অনুপ্রবেশের চেষ্টাকারীদের মধ্যে ৫ জন পুরুষ, ১১ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে। ভোরে সীমান্ত দিয়ে একদল মানুষকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছে—এমন তথ্য পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিজিবির টহল দল। এ সময় স্থানীয় সীমান্তবাসীরাও বিজিবির সঙ্গে যোগ দিয়ে প্রতিরোধ গড়ে তোলেন।

বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে ওই দলটি বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি। পরবর্তীতে তারা সীমান্তের জিরো লাইনের কাছাকাছি ভারতের অভ্যন্তরে অবস্থান নেয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিবেদন লেখা পর্যন্ত ওই ২০ জন ব্যক্তি সীমান্তবর্তী শুকদেবপুর এলাকায় অবস্থান করছিলেন, যা জিরো লাইন থেকে প্রায় ৬০ গজ ভারতের ভেতরে অবস্থিত।

ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নতুন করে কোনো অনুপ্রবেশের চেষ্টা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৫৯ ব্যাটালিয়নের সদস্যরা টহল ও নজরদারি বৃদ্ধি করেছে।

এ বিষয়ে মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, চৌকা বিওপির পাশ দিয়ে পুশইনের একটি চেষ্টা হয়েছিল। তবে বিজিবি সদস্যরা দ্রুত ব্যবস্থা নিয়ে তাদেরকে জিরো লাইনের কাছেই ভারতের অভ্যন্তরে প্রতিহত করতে সক্ষম হয়েছেন।

মন্তব্য করুন