প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৯:৪৩ এ এম
অনলাইন সংস্করণ
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি শক্তিশালী ও উন্নত জাতি গঠনের জন্য শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগের বিকল্প নেই। তিনি মনে করেন, কেবল পাঠ্যবইভিত্তিক শিক্ষা নয়, বরং খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডেও শিশুদের সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে।
শনিবার (২০ জুন) ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এ লক্ষ্যেই সরকার শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, কার্যকর ও সময়োপযোগী করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তিনি জানান, চতুর্থ শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত পর্যায়ক্রমে ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে ও সাঁতারসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রম পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু তাত্ত্বিক জ্ঞান অর্জন নয়, ব্যবহারিক প্রশিক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে খেলাধুলায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এর ফলে মাদকাসক্তি, মোবাইল ফোনে অতিরিক্ত আসক্তিসহ বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
বাণীতে প্রধানমন্ত্রী জানান, সরকার ইতোমধ্যে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’-এর নীতিমালা প্রণয়ন করেছে। এর আওতায় দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৯৯ লাখ ৪৯ হাজার শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পেয়েছে।
তিনি বলেন, এ বছর সারাদেশে বালক ও বালিকা দল মিলিয়ে ১ লাখ ২৩ হাজার ৯৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারী ও আয়োজনের ব্যাপ্তির দিক থেকে এ প্রতিযোগিতাকে বিশ্বের অন্যতম বৃহৎ ফুটবল টুর্নামেন্ট হিসেবে বিবেচনা করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও মননশীল বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণকে উৎসাহিত করছে। এর ইতিবাচক প্রভাব জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও প্রতিফলিত হচ্ছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই টুর্নামেন্টে অংশ নেওয়া শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের গৌরব উজ্জ্বল করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করবে।
বাণীর শেষে প্রধানমন্ত্রী ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’-এর সার্বিক সফলতা কামনা করেন।
মন্তব্য করুন