প্রকাশিত: ১৯ মে, ২০২৬, ০৯:৩৩ পিএম

অনলাইন সংস্করণ

পাঁচবিবিতে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

ছবি: সংগৃহীত

পাঁচবিবিতে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় পাঁচবিবি-তে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে ভূমি মন্ত্রণালয়-এর উদ্যোগে রাজধানীর তেজগাঁও ভূমি ভবন থেকে ভার্চুয়ালি এ মেলার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। এরই ধারাবাহিকতায় পাঁচবিবি ভূমি অফিস চত্বরে স্থানীয়ভাবে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। এছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা এখন অনেক সহজ ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠেছে। সাধারণ মানুষকে হয়রানিমুক্ত, দ্রুত ও স্বচ্ছ সেবা প্রদানের লক্ষ্যে সরকার ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়ন করছে। এ ধরনের মেলার মাধ্যমে জনগণ সরাসরি বিভিন্ন ভূমিসেবা সম্পর্কে জানতে পারছেন এবং তাৎক্ষণিক সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।

মেলায় নামজারি, খতিয়ান উত্তোলন, ভূমি উন্নয়ন কর পরিশোধ, অনলাইনে আবেদন প্রক্রিয়া, জমির তথ্য যাচাই, ই-নামজারি সেবা, অনলাইন খতিয়ান আবেদন, ভূমি সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তিসহ বিভিন্ন বিষয়ে নাগরিকদের অবহিত করা হয়। এছাড়াও ভূমি সেবার ডিজিটাল কার্যক্রম সম্পর্কে আগতদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়।

মেলায় আগত সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। অনেকেই তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় তথ্য ও সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। আয়োজকরা জানান, জনগণের দোরগোড়ায় আধুনিক ও সহজ ভূমিসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন