প্রকাশিত: ৫৭ মিনিট আগে, ১২:০১ পিএম
অনলাইন সংস্করণ
দৌলতখান (ভোলা) প্রতিনিধি:
ভোলার দৌলতখান উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. ফয়েজ (২৬) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরখলিফা মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. ফয়েজ দক্ষিণ জয়নগর এলাকার মৃত সফিজল হকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, চরখলিফা মাদ্রাসা সংলগ্ন সাবেক ভোলা-২ আসনের এমপি প্রার্থী ও সাবেক কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. শহীদুল্লাহ তালুকদারের বাড়ির পুকুরে ফয়েজের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি দৌলতখান থানা পুলিশকে জানান।
স্থানীয়রা জানান, ফয়েজ মানসিক প্রতিবন্ধী ছিলেন। এর আগেও তিনি এলাকার বিভিন্ন স্থানে কয়েকবার পানিতে পড়ে গিয়েছিলেন এবং স্থানীয়রা তাকে উদ্ধার করেছিলেন।
নিহতের ভাই আব্দুল আজিজ নীরব (৩২) জানান, তারা পাঁচ ভাই ও দুই বোন। ভাইদের মধ্যে ফয়েজ ছিলেন সবার ছোট। মানসিক প্রতিবন্ধী হওয়ায় ফয়েজ প্রায়ই বাড়ি থেকে বের হয়ে যেতেন এবং কখনো কখনো ৬-৭ দিন পর বাড়িতে ফিরতেন। প্রায় ৫-৬ দিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর পরিবারের সদস্যরা তাকে খুঁজছিলেন।
আব্দুল আজিজ নীরবের ধারণা, মানসিক প্রতিবন্ধী হওয়ায় অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে ডুবে তার ভাইয়ের মৃত্যু হতে পারে।
খবর পেয়ে দৌলতখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন