প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
গাইবান্ধার বোনারপাড়ায় হামলার ঘটনায় গুরুতর আহত জামায়াত কর্মী সালাউদ্দিনের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বর্তমানে তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে সালাউদ্দিনের পিঠের ডান পাশে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। আঘাতটি তার ফুসফুস পর্যন্ত পৌঁছেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। অতিরিক্ত রক্তক্ষরণ নিয়ন্ত্রণে রাখতে সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
জরুরি চিকিৎসা ও অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও সংকট পুরোপুরি কাটেনি। অবস্থার উন্নতি না হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের সম্ভাবনা রয়েছে।
স্বজনরা জানান, ইতোমধ্যে সালাউদ্দিনকে চার ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। তবে তার জন্য আরও রক্তের প্রয়োজন হতে পারে। এ লক্ষ্যে পরিবারের সদস্যরা রক্তদাতাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং উন্নত চিকিৎসার প্রস্তুতিও নিচ্ছেন।
চিকিৎসকেরা জানিয়েছেন, আরও কিছু সময় নিবিড় পর্যবেক্ষণের পর সালাউদ্দিনের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এদিকে সালাউদ্দিনের সুস্থতা কামনা করে তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
উল্লেখ্য, বোনারপাড়ায় সংঘটিত হামলার ঘটনায় সালাউদ্দিন গুরুতর আহত হন। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন